কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারতের কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) কলকাতার রাস্তায় এই কর্মসূচি পালন করে স্থানীয় দু'টি সংগঠন। এ সময় বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।
আন্দোলনকারী সংগঠন দু'টির নাম বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)। দুপুরে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠন দু'টির নেতাকর্মীরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআই-এর প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
মিছিলটি কলকাতার বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিলের গতি রোধ করে কলকাতা পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এই ঘটনার জেরে বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় বেশ কিছু সময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয় পুলিশ। পরে মিশনের কর্মকর্তাদের অনুমতি নিয়ে আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে। স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা সেখানে আরও কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে এলাকা ছেড়ে চলে যান।
//আইই//
