৩ বছর পর দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে ৩ বছর পর আবারও বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হতে যাচ্ছে। আগামী ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে বুধবার ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দল।
বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিলো। এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে নিয়মিত বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়।
এদিকে কনস্যুলার-বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক ঢাকায় আয়োজনের জন্যও দুই দেশ তারিখ নির্ধারণে কাজ করছে। ভিসাসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ওই বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ বাণিজ্যবিষয়ক বৈঠকের পর দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক আয়োজনের আগ্রহ দেখালেও ভারত জানিয়েছে, ট্রানজিট ও সীমান্ত বাণিজ্যসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাতিষ্ঠানিক বৈঠক শেষ হওয়ার পর এই বিষয়ে এগোনো সম্ভব হবে।
/শান্ত/
