দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক ডিএমপি
রাজধানীতে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এবারের পূজাকে ‘অগ্নিপরীক্ষা’ উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক থাকবে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের সঙ্গে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইমসিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।
পূজা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদেরও মণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলেন।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
/শান্ত/
