ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত
বেপরোয়া চলাচল আর নয়, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে এবার নিয়মের আওতায় আনতে যাচ্ছে সরকার। নির্ধারিত রুট, ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোডের মাধ্যমে এসব যানবাহন নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খাতটিতে কর্মসংস্থান জড়িত, তাই আমরা কর্মসংস্থান ব্যাহত না করে পরিবেশ ও সড়ক নিরাপদ রাখতে চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে একটি বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
নতুন নীতিমালায় অটোরিকশার জন্য নির্ধারিত রুট থাকবে। মহাসড়ক বা প্রধান সড়কে এসব যান চলতে পারবে না। পাশাপাশি পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে একটি যানের রেজিস্ট্রেশন নিয়ে ১০-২০টি গাড়ি চালানোর ঘটনা ঘটেছে। এই জালিয়াতি বন্ধে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোডের মাধ্যমে অটোরিকশা শনাক্ত করা হবে।
বিদ্যুৎ চুরি রোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু রাখার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
//রুশা//
