বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি ২০২৩ সাল পর্যন্ত সমকালের বরিশাল ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি চিরকুটে স্ত্রী, মেয়ে ও সহকর্মীদের উদ্দেশে বিভিন্ন কথা লেখা ছিলো। একটি চিরকুটে শারীরিক অসুস্থতা ও রোগযন্ত্রণার কথা উল্লেখ করে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা বলা হয়েছে।
সমকালের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, পুলকের কাছে অফিসের একটি চাবি ছিলো। মাঝে মাঝে তিনি নিজেই অফিস খুলে সেখানে বসতেন। শুক্রবার সন্ধ্যায় অফিসে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে ভেতরে পুলককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
/শান্ত/
