প্রবাসীকে ফেলে পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেলো বাস, ৯৯৯-এ ফোনে উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় এক সৌদিপ্রবাসী যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বাসটি থামিয়ে তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও লাগেজ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী ঢাকার বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর হয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হানিফ পরিবহনের বাসে ওঠেন। দশমাইলে বাস থামলে সুপারভাইজারকে জানিয়ে তিনি ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার টহল দল শহীদ মিনার মোড়ে বাসটি থামিয়ে পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে। পরে থানায় গিয়ে মোজাম্মেল তার সব মালামাল বুঝে নেন।
/শান্ত/
