আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ‘টার্গেট’ করে শুরু করা হয়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আসিফ মাহমুদের বিরুদ্ধে কী অভিযোগ এসেছে এবং কী ভিত্তিতে সেসব অভিযোগ অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে- এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি দুদক সচিব। তিনি বলেন, আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। এ বিষয়ে আমরা কথা না বলি। পরে তিনি বলেন, পাঁচ মাসের বেশি সময় কমিশন না থাকায় অনেক বিষয় নিষ্পত্তির অপেক্ষায় ছিলো। এখন সেগুলো পর্যায়ক্রমে দেখা হচ্ছে। সময়মতো সব বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে।
আসিফ মাহমুদকে কেন অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে এবং অন্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, কাউকে লক্ষ্য করে এ কার্যক্রম চালানো হচ্ছে না।
দুদক সচিব বলেন, আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি। কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না।
// ইমরান//
