ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তিনি এই আবেদন জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তিনি ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন। সেখানে তাকে উদ্দেশ্য করে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এই ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
// ইমরান//
