জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ আলম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের বিশেষ অভিযান চালালো পুলিশ, র্যাব ও বিজিবি। সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় চলে এই অভিযান। তিন বাহিনীর দেড় শতাধিক সদস্য এতে অংশ নেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে অভিযান ও মহড়া চালান। অভিযান শেষে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ভবিষ্যতে কোনো ধরনের নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না।’
অভিযান চলাকালে বসতি স্থাপনকারীদের সঙ্গে কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের আশ্বস্ত করে বলা হয়, কাউকে উচ্ছেদ বা বিতাড়িত করা হবে না। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক দূর করার পাশাপাশি সন্ত্রাসীদেরও বার্তা দেওয়া হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে ক্যাম্পের যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের কেউ কেউ গোপনে রাতে এলাকায় আসছে এবং তাদের অনুসারীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ মার্চ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। তবে সন্ত্রাসীদের ‘বাদশা’ হিসেবে পরিচিত ইয়াসিন, রোকন মেম্বার ও ছিন্নমূল নেতা মশিউর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
//রুশা//
