টানা তৃতীয় মাসে কতো কমলো মূল্যস্ফীতি?
দেশে মূল্যস্ফীতি কমার ধারা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশে নেমেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিলো ৮.৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। মে মাসে মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশে ওঠার পর জুনে ৯.১৬, জুলাইয়ে ৮.৩২ এবং আগস্টে ৮.২৬ শতাংশে নেমেছে।
আগস্টে খাদ্য মূল্যস্ফীতিও কমে ৭.০২ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিলো ৭.১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিলো ৭.৬০ শতাংশ।
গ্রাম ও শহর-উভয় এলাকাতেই মূল্যস্ফীতি কমেছে। গ্রামে জুলাইয়ের ৮.৩৬ শতাংশ থেকে আগস্টে তা ৮.৩১ শতাংশ এবং শহরে ৮.২৪ শতাংশ থেকে ৮.২০ শতাংশ হয়েছে।
সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ ও বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতিকে মূল্যচাপ কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে সরকার মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
তবে মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং দাম বাড়ার গতি কমেছে।
/শান্ত/
