তিতাসে নতুন কূপ, দৈনিক গ্যাস মিলবে যত ঘনফুট
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর)। কূপটি চালু হলে জাতীয় গ্রিডে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।
তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন করছে বিজিএফসিএল। এসব কূপ থেকে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে দৈনিক ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২৯ নম্বর কূপের খনন শেষ হয়েছে এবং ৩১ নম্বর কূপের কাজ চলছে। পরে ৩১ নম্বর কূপের রিগ দিয়েই ৩০ নম্বর কূপ খনন করা হবে।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক বলেন, নতুন কূপগুলো থেকে গ্যাস উৎপাদন বাড়লে বেশি দামে আমদানি করা এলএনজির ওপর চাপ কমবে।
এদিকে ৩১ নম্বর কূপটি ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় খনন করা হচ্ছে। এখন পর্যন্ত ৪ হাজার ৬৩৭ মিটার খনন হয়েছে। বিজিএফসিএলের কর্মকর্তারা বলছেন, এখানে প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তিতাসের ২৩টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। পুরোনো কূপগুলোর মজুত ও চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমেছে।
/শান্ত/
