৪ বছর পর নাজিবকে নিয়ে মালয়েশিয়া'র রাজার নতুন সিদ্ধান্ত
সংগৃহীত ছবি
মালয়েশিয়া'র সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারের বাইরে থেকেই বাকি সাজা ভোগের সুযোগ দেওয়া হয়েছে। দেশটির রাজা সুলতান ইব্রাহিম তাঁকে গৃহবন্দি থেকে সাজা কাটার অনুমতি দিয়েছেন বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছে মালয়েশিয়া সরকার।
প্রধানমন্ত্রীর আইন বিভাগ জানিয়েছে, নাজিবকে শর্তসাপেক্ষ ক্ষমা দেওয়ার বিষয়ে রাজা সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত গৃহবন্দি অবস্থায় থাকতে পারবেন ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।
নাজিবের বিরুদ্ধে যে মামলায় সাজা হয়েছে, সেটির কেন্দ্রে রয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি। তাঁর প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিষ্ঠিত এই তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সাজা হওয়ার ৪ বছর পর এবার বাকি মেয়াদ গৃহবন্দি থেকে কাটানোর অনুমতি পেলেন তিনি।
মার্কিন তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১এমডিবি ঘিরে পরিচালিত ওই অর্থ আত্মসাৎ প্রকল্পে সর্বোচ্চ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্টে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ যাওয়ারও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ ও দোষী সাব্যস্ত হওয়ার পরও নাজিব ধারাবাহিকভাবে কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে বিস্তৃত একটি জটিল অর্থ আত্মসাৎ প্রকল্পের দায় তাঁর ওপর চাপানো হয়েছে।
২০০৯ সালে মালয়েশিয়া'র প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নাজিব রাজাক। ২০১৮ সাল পর্যন্ত তিনি সরকারপ্রধান ছিলেন। ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রতিষ্ঠিত ১এমডিবি ঘিরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপকভাবে আলোচিত হয়।
//আইই//
