নতুন পে স্কেলে বৈশাখী ভাতা কতো হচ্ছে?
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতার হার কমতে পারে। নতুন বেতন কাঠামোয় বর্তমানের ২০ শতাংশ থেকে এই ভাতা কমিয়ে মূল বেতনের ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। নতুন প্রস্তাব কার্যকর হলে হার কমবে ৫ শতাংশীয় পয়েন্ট।
তবে নতুন পে স্কেলে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে ভাতার হার কমলেও মূল বেতন বাড়ার কারণে অনেকের ক্ষেত্রে বৈশাখী ভাতার টাকার পরিমাণ বর্তমানের তুলনায় বাড়তে পারে।
নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন সুবিধায় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। পাহাড়ি এবং হাওড়, দ্বীপ ও চরভাতার হার মূল বেতনের ২০ শতাংশ বহাল রাখার কথা বলা হয়েছে। ঝুঁকি ও বিশেষ ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব রয়েছে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতন কাঠামো অনুমোদন করে। ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর ধরা হলেও বিভিন্ন সুবিধা ধাপে ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। তবে এখনো গেজেট প্রকাশ না হওয়ায় বৈশাখী ভাতাসহ বিভিন্ন সুবিধার চূড়ান্ত হার নিশ্চিত হয়নি।
/শান্ত/
