কলা না কি ডালিম, কোনটি খাবেন?
কলা ও ডালিম-দুটিই পুষ্টিকর ফল। তবে আয়রন, ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণে রয়েছে পার্থক্য। বিশেষ করে আয়রনের জন্য কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকেরই কৌতূহল।
প্রতি ১০০ গ্রাম ডালিমে প্রায় ০.৩০ মিলিগ্রাম আয়রন থাকে, আর কলায় থাকে ০.২৬ মিলিগ্রাম। অর্থাৎ আয়রনে ডালিম সামান্য এগিয়ে। তবে এই পার্থক্য খুবই কম। তাই আয়রনের ঘাটতি পূরণে শুধু ডালিম বা কলার ওপর নির্ভর করা ঠিক নয়।
অন্যদিকে ভিটামিন বি৬ ও পটাশিয়ামে কলা এগিয়ে। প্রতি ১০০ গ্রাম কলায় প্রায় ০.৩৭ মিলিগ্রাম ভিটামিন বি৬ এবং ৩৫৮ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। ডালিমে এ দুটি উপাদান যথাক্রমে প্রায় ০.০৮ মিলিগ্রাম ও ২৩৬ মিলিগ্রাম।
ফোলেট, ভিটামিন সি ও ফাইবারে আবার ডালিম এগিয়ে। প্রতি ১০০ গ্রাম ডালিমে প্রায় ৩৮ মাইক্রোগ্রাম ফোলেট, ১০.২ মিলিগ্রাম ভিটামিন সি ও ৪ গ্রাম ফাইবার থাকে।
তাই কোন ফল ‘সেরা’-এভাবে বলা যায় না। পটাশিয়াম ও ভিটামিন বি৬-এর জন্য কলা, আর ফোলেট, ফাইবার ও কিছু উদ্ভিজ্জ পুষ্টি উপাদানের জন্য ডালিম উপকারী। আয়রনের ঘাটতি থাকলে ফলের পাশাপাশি ডাল, মাংস, সামুদ্রিক খাবার, বীজ ও শাকসবজির মতো আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া জরুরি।
/শান্ত/
