ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কবে আঘাত হানবে?
উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার বিভিন্ন মডেল বলছে, নিম্নচাপটি পরবর্তী সময়ে আরও শক্তিশালী হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত পূর্বাভাস পাওয়া যায়নি। সম্ভাব্য ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়তে পারে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার পর্যন্ত কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
/শান্ত/
