কারাগারে চিত্রনায়ক পলাশ, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তারের খবর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানাজানি হয়েছে। গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও পলাশ কারাগারে আছেন।
গত আগস্টে নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে ‘শিকার’–এর দল। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি এতো দিন প্রকাশ্যে আসেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিলো। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি। আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
// ইমরান//
