বিদেশ থেকে ৩ ফুটবলার, আসিয়ান কাপে নতুন সাজে বাংলাদেশ
সংগৃহীত ছবি
বিদেশে বেড়ে ওঠা ৩ ফুটবলারকে দলে ভিড়িয়ে ফিফা আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাকার্তায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা জিদান ইউসুফ, শুকি ইতফুসা ও ফারহান আলী ওয়াহিদকে ২৩ সদস্যের দলে রেখেছেন কোচ টমাস ডুলি।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া'র জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। জাতীয় দলের ক্যাম্পে থাকার পর ডুলি'র আস্থায় জায়গা পাওয়া এই তিন প্রবাসী ফুটবলারের সামনে এবারই প্রথম বড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।
তিনজনের মধ্যে ফারহান আলী ওয়াহিদ খেলেন আক্রমণভাগে। সম্প্রতি জাতীয় দলে একজন স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ছিলো। সেই জায়গায় ফারহানকে নতুন বিকল্প হিসেবে দেখছেন কোচ ডুলি। তবে চলমান ক্যাম্পে এখনো যোগ দেননি তিনি। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফারহান।
রক্ষণভাগের খেলোয়াড় জিদান ইউসুফ এরইমধ্যে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নজর কেড়েছেন। জাপানপ্রবাসী শুকি ইতফুসার অন্তর্ভুক্তি আক্রমণভাগে বাংলাদেশের বিকল্প আরও বাড়িয়েছে।
নতুন এই তিন প্রবাসীর সঙ্গে জাতীয় দলের হয়ে আগে থেকেই খেলছেন আরও কয়েকজন প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামের পর এবার জাতীয় দলের তালিকায় যুক্ত হলো জিদান, ফারহান ও শুকির নাম।
ইন্দোনেশিয়ায় আসন্ন আসরে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। স্বাগতিক ইন্দোনেশিয়া'র পাশাপাশি এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
চূড়ান্ত ২৩ সদস্যের দলে মিনহাজুল করিম স্বাধীনও রয়েছেন। তবে জায়গা হয়নি সাইফ, ফাহিম ও জিকো'র।
বাংলাদেশ দল
মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জাইয়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শামিত শোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।
