তদবির করলে বিভাগীয় ব্যবস্থা
চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এই ধরনের তদবিরের তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে (চাকরি সংক্রান্ত নথি) সংরক্ষণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। এই চিঠি সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কী ধরনের আচরণ করবেন, তা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি কর্মচারীদের কারও কারও পক্ষে চাকরি-সংক্রান্ত নানা বিষয়ে তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারস্থ হচ্ছেন। এই ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২০ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।
//ইমরান//
