আজ শুরু বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম দিনে মাঠে কারা
সংগৃহীত ছবি
১৩ দল নিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ২০২৬-২০২৭ মৌসুম। এবারের আসরে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে এসেছে চট্টগ্রাম সিটি, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স।
চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতে প্রথমবারের মতো দেশের শীর্ষ লিগে খেলার সুযোগ পেয়েছে চট্টগ্রাম সিটি। সিটি ক্লাবও এবারই প্রথমবারের মতো শীর্ষ স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
লিগে দলসংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর পেছনে অন্যতম কারণ ছিলো বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফা'র আরোপ করা দলবদল নিষেধাজ্ঞা। তবে নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে ক্লাব দু'টি।
এদিকে গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ও ফকিরেরপুলের অবনমনও বাতিল করা হয়েছে। ফলে এবারের লিগে দল বেড়ে হয়েছে ১৩টি।
উদ্বোধনী দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম এফসি'র বিপক্ষে খেলবে ফর্টিস এফসি। গাজীপুরে রহমতগঞ্জের মুখোমুখি হবে পুলিশ এফসি।
চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ দিয়ে ভেন্যুটির অভিষেক হবে বাংলাদেশ ফুটবল লিগে। অন্যদিকে গোপালগঞ্জে ব্রাদার্সের বিপক্ষে খেলবে সিটি ক্লাব। মানিকগঞ্জে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ আবাহনী।
উদ্বোধনী দিনের সব ম্যাচই শুরু হবে বিকাল ৩টায়। তবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মাঠে নামতে হবে এক দিন পর। আগামীকাল গোপালগঞ্জে আরামবাগের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে তারা।
জাতীয় দলের ব্যস্ততার মধ্যেই শুরু হচ্ছে এবারের লিগ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত থাকবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এ সময়ে বাংলাদেশ জাতীয় দলের ফিফা-আসিয়ান কাপের প্রস্তুতি ও প্রতিযোগিতা চলবে। ফলে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই লিগের প্রথম দিকের ম্যাচগুলো খেলতে হবে ক্লাবগুলোকে।
//আইই//
