পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
বাগেরহাট ও চুয়াডাঙ্গার পুলিশ সুপারসহ বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে পুলিশ অধিদপ্তরের এসপি মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসপি মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
/শান্ত/
