সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের
আটক ৪ নেতার নিঃশর্ত মুক্তি ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। পরে একটি মিছিল নিয়ে তারা দৈনিক বাংলা মোড়ে পৌঁছান এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সমাবেশে পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে ৪ জন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী ৩ কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করবো।"
অন্যান্য দাবি প্রসঙ্গে সরকারের সঙ্গে আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন সভাপতি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে ৪ নেতা ছাড়া না পেলে রাজপথে বড় ধরণের কর্মসূচির কথা জানান তিনি। নির্ধারিত সময়ে দাবি না মানলে যে কর্মসূচি আসবে, তা প্রতিহত করা সহজ হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ওই সংগঠনের ৪ নেতাকে আটক করে সবুজবাগ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের থানা কমিটির সভাপতি আকবর, তাঁর ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই আটকের প্রতিবাদেই রাজপথে এ আল্টিমেটাম কর্মসূচি পালন করছেন চালকেরা।
//আইই//
