২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড নিয়ে বাপা ফুডপ্রো শুরু
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তি নিয়ে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
এবারের আয়োজনে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। পাশাপাশি ১৫৬ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি থাকছে কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রম।
প্রদর্শনীতে প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি ও টেকসই প্যাকেজিং প্রযুক্তি থাকছে বিশেষ গুরুত্বে। চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধানও প্রদর্শিত হবে।
/শান্ত/
