অপ্রতিম হত্যাকাণ্ড: নেপথ্যে যেসব কারণ মনে করছেন মা
মায়ের সঙ্গে অপ্রতিম।
অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে দু’টি ঘটনা কাজ করেছে বলে মনে করছেন মা নাহিদা বেগম। তার সন্দেহ, কিছুদিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে এক কিশোরের চাকরি নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। এই ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় কয়েকজন কিশোর অপরাধীকে পুলিশে দেওয়ার বিষয়টিও এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হতে পারে।
একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির প্রকৃত বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। এই সন্দেহের বিষয়গুলো এক সহকর্মীকে জানিয়েছেন তিনি।
হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে অপ্রতিমের মায়ের এই সন্দেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধনে তুলে ধরেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার। তিনি বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। তিনি কয়েকটি সন্দেহের কথা এখানে জানাতে বলেছেন। তার পক্ষ হয়ে সেগুলোই বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ওই মানববন্ধন ও শোকমিছিল হয়। সেখানে অপ্রতিমের মায়ের বরাত দিয়ে কামরুন নাহার বলেন, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সালমানপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলো। অপ্রতিমের মা মনে করেন, ওই কিশোরের অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
কামরুন নাহার আরও বলেন, নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানের সময় কুমিল্লার স্থানীয় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশে দিয়েছিলেন। ওই কিশোর গ্যাং দলের নেতৃত্ব মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) দিতেন বলে অপ্রতিমের মা দাবি করেছেন। ওই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অপ্রতিমের মা।
গ্রেপ্তার দুই আসামির প্রকৃত বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপ্রতিমের মা। তার বরাত দিয়ে কামরুন নাহার বলেন, মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দু’জনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। তাদের প্রকৃত বয়স যাচাই করে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এই জন্য প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বয়সসংক্রান্ত বিষয়টি নিশ্চিত করার কথাও তিনি বলেছেন। এ ছাড়া অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানিয়েছেন।
// ইমরান//
