বাংলাদেশে মালয়েশিয়া হেলথকেয়ার উইক, থাকছে ৫ হাসপাতালের সেবা
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা ও মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দেশে শুরু হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬’। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি) ৫টি মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশের অংশীদার ইরভিং এভিয়েশন লিমিটেডের সহায়তায় এই কর্মসূচির আয়োজন করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘ডিসকভার মালয়েশিয়া হেলথকেয়ার করপোরেট নেটওয়ার্কিং ডিনার’ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে মালয়েশিয়ান হাইকমিশন, এমএইচটিসি, মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী, করপোরেট নেতা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল অনুষ্ঠানে ২ দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
মালয়েশিয়া হেলথকেয়ার উইকের অংশ হিসেবে ৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো আলফা আইভিএফ অ্যান্ড উইমেনস স্পেশালিস্টস, কেপিজে আমপাং পুতেরি স্পেশালিস্ট হাসপাতাল, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া, কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনোকলজি সেন্টার এবং সানওয়ে মেডিকেল সেন্টার, সানওয়ে সিটি কুয়ালালামপুর।
আইসিসিবির হল-২-এর ১৫ থেকে ১৯ নম্বর বুথে মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এটি উদ্বোধন করেন হাজওয়ান হাসনল।
আয়োজকেরা জানিয়েছেন, মেলায় দর্শনার্থীরা মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান সেবা সম্পর্কে তথ্য জানতে পারবেন।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা খাতে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ আরও বাড়বে।
// ইমরান//
