সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, গত শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলার ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন।
ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান বলেন, অনিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রের দাবি, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাত ও ইব্রাহিমের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন অনিক। আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
অনিকের বাড়ি নরসিংদীতে। তিনি মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় থাকতেন। আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমন এবং পরবর্তী সময়ে ঢাকায় অস্থিরতা তৈরির কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ভাই মোতাহার হোসেন খান সুফলকে গ্রেপ্তার করা হয়। সূত্রের দাবি, সুফল ও অনিক একসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
/শান্ত/
