বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট, গ্রেপ্তার ৯
বাগেরহাটে বায়োমেট্রিক তথ্যের অপব্যবহারের মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট ও অর্থ হাতানো চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৭ জুন ভোরে ৩টি সিমে থাকা ২ লক্ষ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে নিয়ে যায় প্রতারকরা। মোংলা থানায় এই সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ১১টি মুঠোফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াছিন সওদাগর (২১), মো. শামীম মেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশরাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)। এসব আসামী এর আগেও এই ধরণের জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
// ইমরান//
