কিশোর গ্যাং দমনে কুমিল্লায় আটক ৩৬৩
সংগৃহীত ছবি
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে জেলা পুলিশ ও ডিবির সাঁড়াশি অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে নগরীসহ জেলার ১৮ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকনিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং কালচার রোধে এই বিশেষ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশ জানিয়েছে। এই নিয়ে ৫ দফায় মোট ২ হাজার ৫ জনকে আটক করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশ ও সরাসরি অংশগ্রহণে ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সি কিশোররা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
//আইই//
