শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই সংক্রান্ত সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।
নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে কোনো ব্যক্তি ব্যাংকে উপস্থিত থাকলে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তার কাছ থেকে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
/শান্ত/
