এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা কারাগারে
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে ঢাকার আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে রেসপন্স স্পেশাল ব্যাটালিয়ন (এসআরবি) ওবায়দুরকে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাকে মামলার তদন্ত সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা বলা হয়।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়। পরে গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে মাকছুদাকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। গাজী নজরুল বর্তমানে রিমান্ডে রয়েছেন।
/শান্ত/
