ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস
সংগৃহীত ছবি
নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
কর্মকর্তারা জানান, ইরানের অন্যান্য কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসকে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং ইরানের পুরো প্রতিনিধিদলের নিরাপত্তায় ফেডারেল বাহিনীকে সহায়তা করছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গোয়েন্দা ব্যুরোর সদস্যরা। এছাড়া এনওয়াইপিডি'র গোয়েন্দা কর্মকর্তা ও হাইওয়ে প্যাট্রলের সদস্যরাও এতে যুক্ত রয়েছেন।
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বহু বছর ধরেই এই বিশ্বমঞ্চে উপস্থিতি বজায় রেখেছে ইরান। সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তাঁর পূর্বসূরি ইব্রাহিম রাইসি অধিবেশনে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের।
এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে তিনি ইরানকে ধ্বংসের হুমকি দেন। তবে একই দিনে অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।
//আইই//
