ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন করে আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি এনওসি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দিয়েছিলো মৎস্য অধিদপ্তর। গত বুধবার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩৫ টন ইলিশ এসেছে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মাছ আমদানি-রপ্তানির অনুমতি দেওয়ার দায়িত্ব মৎস্য অধিদপ্তরের। ইলিশ আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি আমার জানা ছিলো না। বিষয়টি জানতে পেরে মৎস্য অধিদপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছি। নির্দেশ দিয়েছি, ভারত থেকে বাংলাদেশে আর একটি ইলিশও আসবে না।
// ইমরান//
