বাংলাদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছে আজিয়াটা
আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক নিক রিজাল কামিল বলেছেন, বাংলাদেশ আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য। তবে বিনিয়োগ ধরে রাখতে নীতির ধারাবাহিকতা, টেকসই শিল্প খরচ কাঠামো এবং দীর্ঘমেয়াদে যুক্তিসংগত মুনাফার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শক্তিশালী অর্থনীতি, সুবিধাজনক জনমিতি ও ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির কারণে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার।
নিক রিজাল কামিল বলেন, আজিয়াটা প্রায় ৩ দশক ধরে রবির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করছে। দেশের সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন হিসেবেই এই বিনিয়োগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যেকোনো বাজারে পূর্বাভাসযোগ্যতা, স্বচ্ছতা, নীতির ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি মুনাফার সুযোগ চান। স্পেকট্রাম ব্যবস্থাপনা, করব্যবস্থা ও ব্যবসার পরিবেশ সহজ করার ক্ষেত্রে বৈশ্বিক সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখলে বাংলাদেশে আরও বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব।
স্পেকট্রামের দাম নির্ধারণে ভারসাম্যপূর্ণ নীতির ওপর গুরুত্ব দিয়ে আজিয়াটা সিইও বলেন, এতে অপারেটররা নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবন ও গ্রাহকসেবায় আরও বেশি বিনিয়োগ করতে পারবে। সিম ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান।
৫জি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিভাইস, ফাইবার অবকাঠামো ও ব্যবহারভিত্তিক অ্যাপ্লিকেশনসহ পুরো ইকোসিস্টেম প্রস্তুত করা জরুরি। সরকারের সঙ্গে ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে চাহিদাভিত্তিক ৫জি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া উচিত।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নিক রিজাল কামিল বলেন, দেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং আজিয়াটা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পুরোপুরি আশাবাদী।
/শান্ত/
