৩০ ব্যাংকের ডিজিটাল সেবা ব্যাহত, যা বলছে বাংলাদেশ ব্যাংক
সিস্টেম মাইগ্রেশনের কারণে পেমেন্ট গেটওয়ে কিউক্যাশের সেবা প্রায় ৬ দিন বন্ধ থাকায় ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেনে ব্যাপক বিঘ্ন ঘটছে। পূর্বঘোষণা ছাড়াই সেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এসব ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের স্বার্থে কিউক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। দ্রুত স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে সেবায় বিঘ্ন শুরু হয়। আইটিসির নোটিশে বলা হয়েছে, এই কার্যক্রম ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলবে। এই সময়ে কিউক্যাশের আওতাভুক্ত ব্যাংকগুলোর কার্ড, এটিএম, সিআরএম, পিওএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু সেবা ব্যাহত হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কিউক্যাশের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মের লেনদেন স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিএসিএইচ, বিইএফটিএন ও আরটিজিএসসহ অন্যান্য পরিশোধ ব্যবস্থাও সচল রয়েছে। গ্রাহকদের প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা রক্ষণাবেক্ষণের আগে গ্রাহকদের যথাসময়ে জানানো প্রয়োজন। এই ক্ষেত্রে আগাম নোটিশ না দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
/শান্ত/
