রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এই বিষয়ে চিঠি জারি করা হয়। এতে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানোর কথা জানানো হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। এখন ওই গেজেটের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকসহ আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর মধ্যে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিও রয়েছে।
চিঠিতে গেজেটের দুটি কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
/শান্ত/
