সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, ৩ শর্ত
দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে এই সুতা আমদানি করতে হবে।
এনবিআর-এর কাস্টমস রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এনবিআর জানায়, দেশের টেক্সটাইল খাতের সমস্যা পর্যালোচনা ও সমাধানের জন্য গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির গত ২০ আগস্টের বৈঠকে বন্ড সুবিধা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের ৩টি শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি দিতে হবে। তৃতীয়ত, আমদানি করা সুতা দিয়ে তৈরি পণ্য সম্পূর্ণভাবে বিদেশে রপ্তানি করতে হবে।
রপ্তানি নিশ্চিত হওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত বা ফেরত দেওয়া হবে। তবে ৭ সেপ্টেম্বরের আগে যেসব চালান শিপমেন্ট করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।
//রুশা//
