সিরাজগঞ্জে বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন
বৃষ্টির মধ্যে বজ্রপাতের ঘটনায় সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার গেটের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো। এ সময় বজ্রপাতের পর ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাস রাইজারে বাজ (বজ্রপাত) পড়ায় আগুন ধরে যায়।
//রুশা//
