বাংলাদেশি জুয়া ব্যবহারকারীদের তথ্য নিয়ে বড় সাইবার ঝুঁকি
ডার্ক ওয়েবে প্রায় ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশি অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবহারকারীর তথ্য বিক্রির বিজ্ঞাপন পাওয়া গেছে। গণমাধ্যমের অনুসন্ধানে হ্যাকারদের প্রকাশ করা নমুনা ফাইলে থাকা একাধিক বাংলাদেশির ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতাও মিলেছে।
বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ২০২৫ থেকে ২০২৬ সালের এসব তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল, জন্মতারিখ, প্লেয়ার আইডি, অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য রয়েছে। পাশাপাশি কেওয়াইসি যাচাইয়ের অবস্থা, সর্বশেষ ডিপোজিট এবং অ্যাকাউন্টের ঝুঁকি-সংক্রান্ত তথ্যও থাকার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব তথ্য ব্যবহার করে ফিশিং, পরিচয় চুরি, অ্যাকাউন্ট দখল, আর্থিক প্রতারণা ও ব্ল্যাকমেইলের মতো অপরাধ হতে পারে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখবে।
/শান্ত/
