আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন ৪ স্বতন্ত্র পরিচালক। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের পর্ষদ বাতিল করে এই ৪ পরিচালকসহ ৫ সদস্যের পর্ষদ নিয়োগ দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ১৫ জুলাই এই পরিচালকদের বহাল রেখেই পুরোনো মালিকদের ফেরানো হয়।
পদত্যাগ করা ৪ স্বতন্ত্র পরিচালক হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাসান (এফসিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ। ২০২৪ সালের ৩ অক্টোবর খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে এই ৫ স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পর্ষদ গঠন করে দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেয়। ব্যাংকটির চেয়ারম্যান হয়েছেন বদিউর রহমান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন লিয়াকত আলী চৌধুরী। পরিচালক হিসেবে আছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচন করা মো. এনায়েত উল্লাহ, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।
// ইমরান//
