বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা
নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা বাতিল হচ্ছে। প্রথমে মূল বেতনের ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা এ সুবিধা নতুন বেতন কাঠামোয় আর থাকছে না।
নতুন পে-স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও উচ্চপদস্থ কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হচ্ছে। নতুন কাঠামোয় গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত ইনক্রিমেন্ট ৫ শতাংশ থাকছে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনীতেও একই নীতি প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমপদ এবং নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
নতুন কাঠামোয় ২০টি গ্রেডই বহাল থাকছে। গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
/শান্ত/
