ব্যাংকের পরিচালক হতে মানতে হবে যে শর্ত
ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিনিধি পরিচালক মনোনীত করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি কোম্পানিটিতে তার নিজস্ব শেয়ার মালিকানাও থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২। এতে বলা হয়েছে, পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিনিধি পরিচালক হতে মনোনীত ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ দায়মুক্ত শেয়ার থাকতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এ হার কমপক্ষে ২০ শতাংশ।
প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় নির্ধারিত শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
এ ছাড়া কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। অতিরিক্ত শেয়ার থাকলে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে।
/শান্ত/
