ডিজিটাল হচ্ছে টিসিবি, ‘উপকারী’ অ্যাপে মিলবে যেসব সুবিধা
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ। এই উদ্যোগের বড় পরিবর্তন হচ্ছে-কার্ড হারিয়ে গেলেও প্রকৃত উপকারভোগী পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না। ‘উপকারী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয় ও এনক্রিপ্টেড কিউআর কোড ব্যবহার করে উপকারভোগীর পরিচয় এবং পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে। ফলে কাগজনির্ভরতা কমার পাশাপাশি একজনের কার্ড অন্যজনের ব্যবহারের সুযোগও কমবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টিসিবির ডিজিটাল রূপান্তর ও বিভিন্ন ব্যবস্থাপনা সংস্কারের ফলে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে প্রযুক্তি, সঠিক উপকারভোগী নির্বাচন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় আরও কমানোর লক্ষ্য রয়েছে।
//ইমরান//
