এনবিআরের মাঠপর্যায়ে বড় রদবদল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ইকোনমিক জোন কমিশনারেট, বৃহৎ করদাতা ইউনিট (মূসক) এবং কাস্টম হাউসে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার দপ্তরে তাদের পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ সেপ্টেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এরপর নির্ধারিত নতুন কর্মস্থলে যোগ দেবেন।
এনবিআর জানিয়েছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এ পদায়ন করা হয়েছে।
/শান্ত/
