দেশে রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে। একই সঙ্গে দেশে রেমিট্যান্স প্রবাহও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিলো ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮০ লাখ ডলার বা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৩ দশমিক ৮ শতাংশ।
শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও রিজার্ভ ও রেমিট্যান্সের বর্তমান পরিস্থিতি বহিঃখাতের স্থিতিশীলতার চিত্র তুলে ধরছে।
/শান্ত/
