এবারও ক্যাম্পাসেই জাবির ভর্তি পরীক্ষা
বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ থাকলেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই নেওয়ার দিকে যাচ্ছে প্রশাসন। কেন্দ্র ও সময়সূচির সংকট, ব্যবস্থাপনা জটিলতা এবং বাড়তি ব্যয়ের কারণে এবার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না।
আগামী ১৭ জানুয়ারি থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষা কোন পদ্ধতিতে ও কী সময়সূচিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বর্তমান সময়সূচিতে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কারণে প্রয়োজনীয় কেন্দ্র ও সময়ও পাওয়া যাচ্ছে না। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এতে ভর্তি কার্যক্রম পিছিয়ে যাবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মো. আলী রেজা জানান, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হলে শিক্ষক সম্মানী, কেন্দ্র ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়বে। এতে ভর্তি পরীক্ষার ব্যয় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়তে পারে।
আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের জন্য আগেভাগে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
/শান্ত/
