একাদশে ভর্তি কার্যক্রমের সময় বাড়লো
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইন সিস্টেমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত ওয়েবসাইটের লগইন প্যানেলে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় এক দিন পিছিয়ে ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর করা হয়।
চলতি শিক্ষাবর্ষে একাদশে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়।
/শান্ত/
