কাগজবিহীন পরীক্ষার যুগে রাবি, ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালু
কাগজনির্ভর প্রচলিত পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থায় যাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে চালু হয়েছে ‘পেপারলেস এক্সাম সিস্টেম’। শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় সরাসরি ডিজিটাল প্লাটফর্মে অংশ নিচ্ছেন পরীক্ষায়। পরীক্ষা শেষ হওয়ার পরই মিলছে ফলাফল।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসনাত কবীরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য এই সিস্টেম তৈরি করেছেন আইসিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক এবং মাস্টার্সের শিক্ষার্থী সামিউল বাসির।
সংশ্লিষ্টরা জানান, ‘পেপারলেস এক্সাম সিস্টেম’-এ শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের জন্য পৃথক সমন্বিত প্ল্যাটফর্ম রয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে এমসিকিউ ও শর্ট কোয়েশ্চনের উত্তর দেওয়ার পাশাপাশি পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল ও ভুল উত্তরের সঠিক উত্তর এবং ব্যাখ্যা দেখতে পারবেন।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছেন নতুন এই পদ্ধতিতে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ভাবকদের সূত্রে জানা গেছে, সিস্টেমটিতে রয়েছে সমৃদ্ধ প্রশ্নব্যাংক, যার মাধ্যমে শিক্ষকরা সহজেই প্রশ্ন তৈরি ও একাধিক পরীক্ষা পরিচালনা করতে পারবেন। স্বয়ংক্রিয় মূল্যায়নের ফলে খাতা দেখার সময় কমার পাশাপাশি ফলাফল দ্রুত প্রকাশ, মূল্যায়নে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া প্রশাসনের জন্য পরীক্ষার সার্বিক নজরদারি, ফলাফল সংরক্ষণ ও বিশ্লেষণধর্মী রিপোর্ট তৈরির সুবিধা রয়েছে। ফলে কাগজের ব্যবহার, সময়ের অপচয় ও প্রশাসনিক জটিলতা কমিয়ে পরীক্ষা পদ্ধতিকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করা সম্ভব হবে।
// ইমরান//
