বাকৃবি'র নতুন উপাচার্য রফিকুল ইসলাম সরদার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, ওই সময় পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে বাকৃবির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। মৎস্য সম্পদ গবেষণা ও বিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি তিনি ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেন।
/শান্ত/
