কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি
‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছেন স্বস্তিকা মুখার্জি। তবে নতুন এই দায়িত্ব সামলাতে গিয়ে গলায় চাপ পড়েছে অভিনেত্রীর।
প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলা এবং শুটিং সেটের ঠান্ডা পরিবেশের কারণে গলায় অস্বস্তি তৈরি হয়েছে স্বস্তিকার। একপর্যায়ে অনুষ্ঠানের মঞ্চেই নিজের গলার অবস্থা নিয়ে মজা করে প্রতিযোগী ও দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।
স্বস্তিকা বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’
নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা স্বস্তিকার জন্য নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করলেও প্রতিদিনের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে এবারই প্রথম কাজ করছেন তিনি।
দীর্ঘদিন ‘দিদি নম্বর ওয়ান’-এর সঙ্গে রচনা ব্যানার্জির নাম জড়িয়ে থাকায় নতুন সঞ্চালক হিসেবে দর্শকদের সামনে নিজস্ব ধরন তৈরি করাও স্বস্তিকার জন্য বড় চ্যালেঞ্জ। অভিনয়ের শুটিংয়ের তুলনায় এ অনুষ্ঠানে দীর্ঘ সময় প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে কথা বলতে হয়, ফলে কণ্ঠের ওপরও বেশি চাপ পড়ছে।
তবে গলার অস্বস্তি সত্ত্বেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন স্বস্তিকা। নতুন ভূমিকায় ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
/শান্ত/
