বেড়জাল-সূক্ষ্ম জালে হুমকিতে বড়বিলের জলজ জীবন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা, স্থানীয়দের কাছে পরিচিত ‘পদ্ম বিল’ নামে। একসময় পদ্ম-শাপলা আর নানা প্রজাতির পাখির আনাগোনায় মুখর থাকা এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখনো দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে নির্বিচারে মাছ শিকার, জলজ উদ্ভিদ ধ্বংস ও খামারের বর্জ্যে বিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মাছ ধরতে বেড়জাল ও বিভিন্ন ধরনের সূক্ষ্ম জাল ব্যবহারের সময় পদ্ম-শাপলাসহ জলজ উদ্ভিদ উপড়ে যাচ্ছে। চায়না ভাইড়, মেজিক ভাইড় ও জম ভাইড়ের মতো উপকরণ ব্যবহারের অভিযোগও রয়েছে। এতে ছোট মাছ ও জলজ প্রাণী নিধনের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এছাড়া বিলসংলগ্ন কয়েকটি লেয়ার মুরগি ও গরুর খামারের বর্জ্য পানিতে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে দর্শনার্থীদের চলাচলের জন্য সরকারি অর্থায়নে নির্মিত বড়বিলের পশ্চিম পাড়ের একটি সড়কের অংশ ফিশারির কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ তিনি এখনো পাননি। তবে সরেজমিনে গিয়ে কী ধরনের জাল ও সরঞ্জাম ব্যবহার হচ্ছে তা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়ার ইউএনও শহিদুল ইসলাম সোহগ বলেন, বড়বিল নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং বিলের পানিতে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, মাছ ধরা পুরোপুরি বন্ধ না করে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, জলজ উদ্ভিদ সংরক্ষণ, খামারের বর্জ্য ব্যবস্থাপনা এবং সরকারি সড়ক রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
/শান্ত/
