অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়ায় মেক্সিকান সোর্ড প্লান্ট
অ্যাকুয়ারিয়াম কিংবা ওয়াটার গার্ডেনের সৌন্দর্য বাড়াতে জলজ উদ্ভিদের জুড়ি নেই। সৌন্দর্যপ্রেমী ও অ্যাকুয়ারিয়ামপ্রেমীদের কাছে জনপ্রিয় এমনই একটি উদ্ভিদ মেক্সিকান সোর্ড প্লান্ট। এর বৈজ্ঞানিক নাম Echinodorus palifolius। এটি Alismataceae পরিবারের একটি বিরুৎজাতীয় উদ্ভিদ।
মেক্সিকান সোর্ড প্লান্টের আদি বিস্তৃতি মূলত দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো অঞ্চলের জলাশয়, জলাভূমি এবং অগভীর নদীতীর। আকর্ষণীয় গঠন ও সহজে পরিচর্যা করা যায় বলে বর্তমানে কৃত্রিম জলজ পরিবেশেও এর ব্যবহার ব্যাপক।
এর লম্বা ও চওড়া পাতার আকৃতি অনেকটা প্রাচীন তলোয়ার বা বল্লমের ফলার মতো। পাতার রং সাধারণত গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হয়ে থাকে। অ্যাকুয়ারিয়ামে আলো ও পুষ্টির মাত্রার ওপর নির্ভর করে পাতার রঙের গভীরতায় কিছুটা পরিবর্তন দেখা যায়।
জলজ পরিবেশে সাধারণত গাছটি ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। তবে পানির উপরিভাগে উঠে এলে বা খোলামেলা পরিবেশে প্রায় ৫০ সেন্টিমিটার কিংবা তারও বেশি লম্বা হতে পারে। পানির নিচে ও ওপরে—দুই পরিবেশেই এটি মানিয়ে নিতে পারে। পানির নিচের পাতাগুলো তুলনামূলক পাতলা ও কোমল, আর পানির ওপরে ওঠা পাতাগুলো কিছুটা শক্ত ও পুরু হয়।
গাছটি দ্রুত বাড়তে পারে। ফলে বড় পাতাগুলো নিচের ছোট গাছের আলো আটকে দিতে পারে। এ কারণে পুরোনো ও অতিরিক্ত বড় পাতা নিয়মিত ছাঁটাই করা প্রয়োজন।
পর্যাপ্ত আলো ও অনুকূল পরিবেশ পেলে মেক্সিকান সোর্ড প্লান্ট পানির ওপর লম্বা কাণ্ড বের করে। সেই কাণ্ডে ছোটো ছোটো সাদা, তিন পাপড়ির ফুল ফুটতে পারে। পরিচর্যাও তুলনামূলক সহজ হওয়ায় শিক্ষানবিশ অ্যাকুয়ারিয়ামপ্রেমীদের জন্য এটি উপযোগী। মাঝারি থেকে তীব্র আলোতে গাছটির বৃদ্ধি ভালো হয়। শিকড়ের কাছে আয়রনসমৃদ্ধ পুষ্টি উপাদানযুক্ত সাবস্ট্রেট ব্যবহার করলে বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
শুধু সৌন্দর্য বাড়ানো নয়, অ্যাকুয়ারিয়ামের জলজ পরিবেশেও মেক্সিকান সোর্ড প্লান্টের ভূমিকা রয়েছে। এটি পানিতে থাকা অতিরিক্ত পুষ্টি উপাদান শোষণ করতে পারে এবং সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদনে ভূমিকা রাখে। এর চওড়া পাতার আড়ালে ছোট মাছ, মাছের পোনা ও চিংড়ি আশ্রয় নিতে পারে।
/শান্ত/
